এক মাসের মধ্যে অনলাইনে ক্লাস-ভাইভা চালু করবে সিভাসু

২৮ জুন, ২০২০ ১১:৪৮  
আগামী একমাসের মধ্যে সিভাসুতে অনলাইনে ক্লাস চালু ও বোর্ড ভাইভা শুরু করবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখতে শনিবার (২৭ জুন) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এই সিদ্ধান্ত নেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস চালু এবং বোর্ড ভাইভা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করে পুরোদমে ক্লাস চালু করতে একমাসের সময় নেন শিক্ষকরা। এক মাসের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে সিভাসুতে অনলাইনে ক্লাস চালু এবং বোর্ড ভাইভা শুরু করা যাবে বলে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ আশাবাদ ব্যক্ত করেন।